অভিষেক রাঙাচ্ছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী পেসার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা ডানহাতি পেসার ক্যারিয়ারের প্রথম ওভারেই নিয়েছেন উইকেট। ফেরান ভারতের অধিনায়ক বিপদজ্জনক ব্যাটার রোহিত শর্মাকে। নিজের দ্বিতীয় ওভারে ফেরান তিলক ভার্মাকেও। তানজিমের জোড়া আঘাতে চাপে পড়েছে ভারত।
২ বল খেলে কোন রান যোগ করার আগেই বিজয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। রোহিতের দেখানো পথে হাটেন ভারতের অভিষিক্ত ব্যাটার তিলক ভার্মা। তানজিম সাকিবের বলে আউট হওয়ার আগে করেন মাত্র ৫ রান। দুর্দান্ত বলে বোল্ড হন ভার্মা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে ভারত। ২২ বলে ১৬ রানে ওপেনার শুভমান গিল ও ২১ বলে ১০ রানে লোকেশ রাহুল অপরাজিত আছেন।
এশিয়া কাপে সুপার ফোরে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতে চাপে পড়েছিল বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে সাকিব-হৃদয়ের শতরান জুটিতে চাপ কাটিয়ে উঠলেও ফের চাপে পড়ে। শেষদিকে নাসুম আহমেদ ও শেখ মেহেদীর ক্যামিওতে ভারতকে ২৬৬ রানের লক্ষ্য দিয়েছে টিম টাইগার্স।







