পেশাদার ক্রিকেটের অধ্যায় শেষে ক্রিকেট বিশ্লেষণে মনোযোগ দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। মাঠের স্পর্শে আবারও ফিরতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে ক্রিকেটার হয়ে নয়, কোচ হয়ে। আইসিসি লেভেল-৩ কোচের স্বীকৃতিও পেয়ে গেছেন তিনি।
গতবছর কোচিংয়ে লেভেল-৩ কোর্স সম্পন্ন করেন আশরাফুল। সোমবার আইসিসি থেকে স্বীকৃতি পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন সুখবর।
‘আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ্যতা অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই অর্জন ক্রিকেটের প্রতি আমার আবেগ এবং ক্রমাগত উন্নতির প্রতি আমার প্রতিশ্রুতির প্রমাণ। ক্রিকেটারদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করে নেয়ার জন্য এবং তাদের পূর্ণ সম্ভাবনার শেখরে পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলে কোচিংয়ে লেভেল-১ কোর্স বাধ্যতামূলক নয়। ইংল্যান্ডে খেলতে গিয়ে সরাসরি লেভেল-২ কোচিং কোর্স করেন আশরাফুল। গতবছর ২৬মে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে লেভেল-৩ কোর্স সম্পন্ন করেন।







