রিয়ার মাদ্রিদ ডিফেন্ডার রাউল আসেনসিও এবং যুবদলের সাবেক তিন সতীর্থের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। একজন প্রাপ্তবয়স্ক নারী এবং অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সম্মতি ছাড়া যৌনতা সংক্রান্ত ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। এ কারণে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হবেন তারা।
অভিযুক্তরা হলেন রিয়ার মাদ্রিদের মূল দলের আসেনসিও, যুবদলে তার সাবেক সতীর্থ আন্দ্রেস গার্সিয়া, ফেরান রুইজ এবং জোয়ান রদ্রিগেজ। ঘটনা ২০২৩ সালের জুনের। যৌন মিলনের সময় ভিডিও করেছিলেন তারা।
অভিযোগের তদন্ত শেষে গ্রান ক্যানারিয়া হাইকোর্টের বিচারক বুধবার চার খেলোয়াড়ের বিপক্ষে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। সিদ্ধান্তের ফলে প্রসিকিউটরের তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের এবং বিচারের অনুরোধ করার পথ খুলে গেল।
বিচারকের মতে, গোপনীয়তা লঙ্ঘন, ভুক্তভোগীদের অজান্তে বা সম্মতি ছাড়াই তৃতীয় পক্ষের কাছে ভিডিও বিতরণ, পর্নোগ্রাফিক উদ্দেশ্যে একজন নাবালিকার কাছে আবেদন এবং শিশু পর্নোগ্রাফি ধারণের মতো অপরাধের অভিযোগের স্বপক্ষে প্রমাণ রয়েছে।
জড়িত চার খেলোয়াড়কে ২০২৩ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছিল এবং মাদ্রিদ নিশ্চিত করেছিল যে, তাদের বিরুদ্ধে ‘হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ভাগাভাগি করার’ বিষয়ে প্রমাণ মিলেছিল।
পুলিশ জানিয়েছে যে, ক্যানারি দ্বীপপুঞ্জের ১৬ বছর বয়সী এক কিশোরীর মা অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি বলেছেন, ওই ভিডিও রেকর্ডের ব্যাপারে অনুমতি ছিল না।
ফেব্রুয়ারি মাসে আসেনসিও দোষী নন এমন দাবি করে আইনজীবী তদন্ত বাতিল করার জন্য আপিল করেছিলেন।








