মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকলেও শেষদিকে এসে লিগ শিরোপা জয়ের দৌড়ে ম্যানচেস্টার সিটির কাছে শীর্ষস্থান হারায় আর্সেনাল। সিটিজেনদের সঙ্গে পুরো মৌসুমজুড়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেরে ওঠেনি গানারবাহিনী। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে সবশেষ হারে শেষ হয়ে গেছে শেষ আশাটুকুও। সিটিজেনরা তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা উদযাপন করে ফেলেছে। যন্ত্রণায় পুড়লেও সিটিজেনদের অবশ্য অভিনন্দন জানাচ্ছেন স্প্যানিশ কোচ আর্তেতা।
ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যামের মাঠে শনিবার রাতে ১-০তে হেরেছে আর্সেনাল। জয়ে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে টিকে থাকল নটিংহ্যাম। আর আর্সেনালের আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলাটা নিশ্চিত।
লিগ শিরোপার উল্লাস সিটিজেনদের অবধারিতই ছিল। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গানারদের হারে সেটাই একটু আগেভাগে হল। মৌসুমজুড়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে এলেও শেষদিকে নিজেদের আত্মসমর্পণে কিছুটা স্তব্ধ আর্তেতা।
‘এই মুহূর্তে কিছুই ভাবতে পারছি না। আমাদের এখন সিটিকেই অভিনন্দন জানাতে হবে। লম্বা সময় ধরে আমাদের এই ভ্রমণটা অবিশ্বাস্য ছিল। দশ মাস সিটির সঙ্গে প্রতিযোগিতা করা এবং তাদের থেকে এগিয়ে থাকা।’
এবারের আসর থেকে শূন্য হাতে ফিরতে হচ্ছে না আর্সেনালকে। সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ অর্জন করাটাও বড় অর্জন। লিভারপুল, চেলসির মতো দলের যেটি করে দেখানো সম্ভব হচ্ছে না এ মৌসুমে। লিগ শিরোপা জিততে না পারলেও গানার দলে ইতিবাচক পরিবর্তনও দেখছেন কোচ।
৪১ বর্ষী কোচ বলেছেন, ‘এখান থেকে অনেককিছু শেখার আছে। ক্লাবে আমরা অনেক পরিবর্তন আনতে পেরেছি। অনেক বড় কিছু পদক্ষেপ নিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তারাই ভালো করে চ্যাম্পিয়ন হয়েছে। আর আমরা পিছিয়ে পরেছি।’
দেড়যুগের বেশি সময় পর শিরোপা জয়ের আশা জাগিয়ে শেষ মুহূর্তে সমর্থকদের হতাশ করে যন্ত্রণায় পুড়ছেন আর্তেতা নিজেও, ‘এটি ফুটবল। আজ আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি দিন। লক্ষ্য সামনে রেখে ১১ মাস ধরে কাজ করেছি, শীর্ষেও ছিলাম। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যথেষ্ট ছিল না। নিজেদের এখন সারিয়ে তুলতে হবে। এটা খুবই বেদনাদায়ক। খেলোয়াড়দের এ থেকে বের করার উপায় খুঁজতে হবে।’








