জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিকভাবে হস্তান্তর করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রক্রিয়া শেষ হবে। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে।
বুধবার ১৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে ইউজিসি ও সেনা প্রতিনিধিদের সঙ্গে সভার পর উপাচার্য সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। সেনাবাহিনী ইতোমধ্যে সম্মতি দিয়েছে। আগামী রোববার তারা ক্যাম্পাস পরিদর্শন করবেন। কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে, যা তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে।
সাংবাদিকদের উপাচার্য জানান, আমাদের বাণী ভবন ও শহিদ হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণ কাজের বিষয়েও আমরা তাদের অনুরোধ করেছিলাম। তারা এ কাজটি করারও প্রাথমিক সম্মতি দিয়েছেন। তারা এ দুটি হল পরিদর্শন করবেন। এটাও আমাদের জন্য অনেক বড় একটি সাফল্য।
তবে শিক্ষার্থীরা লিখিত নিশ্চয়তার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, সেনাবাহিনী দ্বিতীয় ক্যাম্পাসে ভিজিটে যাবেন বলেছেন। তারা বলেছে তিন কার্যদিবসের মধ্যে কাজ নিবেন। আমাদের পূর্বের কথামতো যতদিন কাজ সেনাবাহিনী লিখিত আকারে নিবে না, ততদিন ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চলবে।
সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, লিখিত আসার আগ পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে। শাটডাউন চলাকালীন সময়ে সকল প্রকার মিছিল-বিক্ষোভ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।







