নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মামুনুর রশিদ (৩৬) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ২ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বাহিমালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ কক্সবাজার জেলার রামু সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি নাটোরের লালপুর উপজেলার বড় ময়না গ্রামের আব্দুল মজিদ মন্ডলের ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি সুমন চন্দ্র দাস জানান, সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ নিজ বাড়ি থেকে বের হয় ব্যাটারিচালিত ইজিবাইকযোগে কর্মস্থলে ফেরার জন্য বনপাড়া বাসট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে বাহিমালি এলাকায় দ্রুতগতির একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মামুনুর রশীদ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনার পর ট্রাকটি জব্দসহ চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।







