গাজীপুর

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) ও এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার ২৩ অক্টোবর ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা (৪৫)। আহত দুইজন হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও পুলিশের গাড়িচালক রাব্বি (২৮)।

শুক্রবার রাত পৌনে ৩টার দিকে তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আহিদ মিয়াকে (৪৫) আটক করতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযান শেষে তাকে আটক করে থানায় ফিরছিল পুলিশ দলটি। পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর এবং গাড়িচালক রাব্বি। এসময় ঘোড়াশালমুখী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত এসআই জাবেদ ওমর গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, গাড়িচালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিষয়:এসআই সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…