ঢাকায় সেনাবাহিনীর অভিযান: অবৈধ অস্ত্রসহ ১০ সন্ত্রাসী গ্রেপ্তার

সেনাবাহিনী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ ১০ সন্ত্রাসী গ্রেপ্তার করেছে, ছবি তোলা হয়েছে ঘটনাস্থলে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে পরিচালিত একটি বিশেষ অভিযানে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে তিনটি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলবার ও ২৮ রাউন্ডগুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাংয়ের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিলো। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ এ অভিযান পরিচালনা করা হয়। আনুমানিক ভোর ৫টার দিকে অভিযান চলাকালে গ্যাংয়ের সদস্যরা গ্রেপ্তার এড়ানো অসম্ভব বিবেচনা করে টহল দলের ওপর হামলার চেষ্টা করলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পলায়ন করতে ব্যর্থ হয় এবং সেনাবাহিনীর টহলে তারা গ্রেপ্তার হয়। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।






