মিয়ানমারে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে মণিপুরে। গত দু’মাসে মণিপুরের চলমান অস্থিরতায় অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে।
রোববার ৩ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ২৪ আগস্ট অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে মণিপুর সরকার।
‘সার্জিক্যাল স্ট্রাইক’ হলো এক ধরনের কৌশল, যেখানে নির্দিষ্ট সামরিক শত্রু বা শত্রুপক্ষের নির্দিষ্ট স্থানকে লক্ষ্য করে নেওয়া হয়। সেই নির্দিষ্ট শত্রু বা স্থানে সূক্ষ্মভাবে আঘাত হানা হয়, যাতে সেই লক্ষ্যের পাশে অন্য কোন বেসামরিক বস্তু বা নাগরিক এই আক্রমণের কবলে পড়ে না।
মণিপুর সরকার ২৪ আগস্ট অবসরপ্রাপ্ত কর্নেল অমৃত সঞ্জেনবামকে পাঁচ বছরের জন্য মণিপুর পুলিশ বিভাগে সিনিয়র সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ২০১৫ সালে মিয়ানমারে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২৮ আগস্ট রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জুন মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এই নিয়োগ কার্যক্রম শেষ হয়।







