বিনোদন

জয়ার বিপরীতে প্রথমবার ঋত্বিক, অপেক্ষায় দর্শক

২০ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আহসান ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত সিনেমা 'বিনিসুতোয়'

বাইকে বসে নারী ও পুরুষ, নারীর হাতে মোবাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ও পুরুষ একটি রিকশায় বসে, নারীর হাতে মোবাইল, সাধারণ দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুব কম সময়েই টলিউড নির্মাতাদের আস্থা অর্জন করে নিয়েছেন বাংলাদেশের মেধাবী অভিনেত্রী জয়া আহসান। সৃজিত মুখার্জী, কৌশিক গাঙ্গুলী, অরিন্দম শীল, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো নির্মাতার ছবিতে কাজ করেছেন তিনি।

সিনেমায় সহ-অভিনেতা হিসেবে পেয়েছেন আবির, রুদ্রনীল থেকে শুরু করে প্রসেনজিৎ চ্যাটার্জীকে! প্রথমবারের মতো গুণী এই অভিনেত্রীর বিপরীতে এবার দেখা যাবে কলকাতার সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে।

জয়া-ঋত্বিক অভিনীত সেই সিনেমাটির নাম ‘বিনিসুতোয়’। অতনু ঘোষের পরিচালনায় এই ছবিটির কাজ সমাপ্ত হয়েছে ২০১৯ সালেই। এরপর দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শীতও হয়েছে। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও করোনার কারণে এতোদিন প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি সিনেমাটি। তবে করোনা পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় পশ্চিমবঙ্গে খুলতে শুরু করেছে প্রেক্ষাগৃহ। আর এ কারণেই ‘বিনিসুতোয়’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

সেই ধারাবাহিকতায় রবিবার রাতে প্রকাশিত হয়েছে ‘বিনিসুতোয়’ সিনেমার ট্রেলার। যেখানে আছে গল্পের আভাস। ট্রেলারে দেখা যায়, টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে গল্পের শুরু। সেখানে অডিশন দিতে এসে কাকতালীয় ভাবে দেখা হয় জয়া ও ঋত্বিকের। অডিশন দিয়ে ফেরার পথে দুজনের আলাপ হয় এবং যোগসূত্র তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন পরস্পরকে ঠিক চিনতে পেরেছেন?

রবিবার ট্রেলার প্রকাশ উপলক্ষে এক অনলাইন আড্ডায় উপস্থিত হয়েছিলেন জয়া আহসান, ঋত্বিক ও অতনু ঘোষ। সেখানে নির্মাতা জানান, ২০ আগস্ট থেকে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন কলকাতার দর্শক।

জয়া জানান, করোনা পরিস্থিতির কারণে কলকাতায় তার অভিনীত চার পাঁচটি সিনেমার মুক্তি আটকে আছে। তারমধ্যে প্রাণের ছবি ‘বিনিসুতোয়’ মুক্তি পাচ্ছে বলে তিনি উচ্ছ্বসিত।

সিনেমায় জয়া-ঋত্বিক ছাড়াও আরও অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।

বিষয়:অতনু ঘোষ অরিন্দম শীল ঋত্বিক চক্রবর্তী কৌশিক গাঙ্গুলী জয়া আহসান বিনিসুতোয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…