সাধারণত ক্লাব ফুটবলে ভালো ছন্দে থাকলে ডাক পড়ে জাতীয় দল জার্সিতে। তবে কোপা আমেরিকার পর চ্যাম্পিয়ন দলেই খানিক পরিবর্তন এনে লড়াইয়ে নেমেছে আর্জেন্টিনা। সেই ধারা থেকে ফিরে আগের নিয়মে যেতে চান কোচ লিওনেল স্কালোনি। জাতীয় দল জার্সিতে খেলতে আগে প্রমাণ করতে হবে ক্লাব পর্যায়ে। যদিও লিওনেল মেসির ক্ষেত্রে খাটবে না একই নিয়ম।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিশ্বজয়ী কোচ স্কালোনি বলেছেন, ‘এখন থেকে আমরা খেলোয়াড়দের (ক্লাব) পারফরম্যান্স দেখব।’
‘কোপা আমেরিকার পর খুব কাছাকাছি সময়ের মধ্যে ছয়টি ম্যাচ খেলেছি। এজন্য বাইরে থেকে কাউকে আনার সময় খুব একটা ছিল না। যারা আমাদের কাপ জয়ের আনন্দে ভাসিয়েছে, মূলত তাদের দিয়ে চালিয়ে নিতে চেয়েছি। তবে এখন থেকে আমাদের প্রত্যেককে ক্লাবের হয়ে খেলতে হবে এবং সেখান থেকে আমরা পারফরম্যান্স বিবেচনায় নিয়ে দলে আনব, যেমনটি আমরা সবসময় করেছি।’
মেসির জন্য আলাদা নিয়মের ব্যাখ্যা দিয়ে ৪৬ বর্ষী আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘লিওর ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। সে সবসময় খেলে, এমনকি যখন তাকে বিশ্রামে থাকতে হয়, কিন্তু এর বাইরে আমরা ভাবি না। তাদের ধারাবাহিক থাকাটা গুরুত্বপূর্ণ।’
‘লিওর পুরো বছরটির দিকে তাকান, এমন একজন খেলোয়াড়, যে প্রচুর ম্যাচ খেলেছে। জাতীয় দলের হয়েও অনেক খেলেছে। এরমধ্যে কোপা আমেরিকা ছিল। ওর পক্ষে শতভাগ হওয়া কঠিন এবং তাতে আমি সমস্যা দেখি না, ওটা স্বাভাবিক হিসাবে দেখছি। চোটে পড়েছিল, কিন্তু সবসময় আমাদের সঙ্গেই ছিল।’








