ইংল্যান্ড জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন মাইকেল ভন। একই পদাঙ্ক অনুসরণ করার পথে হাঁটতে শুরু করেছেন তার ছেলে আর্কি ভন। জানুয়ারির শেষদিকে সাউথ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ দলের সফরে ইংল্যান্ড যুব দলের নেতৃত্ব থাকবে আর্কির কাঁধে।
ইংল্যান্ড ইয়ং লায়ন্স সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ইয়ুথ ওয়ানডে সিরিজ এবং দুটি ইয়ুথ টেস্ট সিরিজ খেলবে। যা শুরু হবে ১৭ জানুয়ারি থেকে। বর্ণবাদ পরবর্তী যুগে সাউথ আফ্রিকায় প্রথম সিরিজ জিতেছিলেন মাইকেল ভন। এর প্রায় ২০ বছর পর সেখানে খেলতে যাচ্ছেন আর্কি।
টপঅর্ডার ব্যাটার ও স্পিনিং অলরাউন্ডার আর্কি ভন প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘ক্রিসমাসের আগে অনুশীলনের সময় জানতে পেরেছিলাম যে, অধিনায়ক হতে চলেছি এবং খুব বিশেষ একটি মুহূর্ত ছিল। এ পর্যায়ে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া সত্যিই বিশেষ কিছু। তবে দলকে নেতৃত্ব দেয়া অন্য কথা।’
‘যদি কেউ আমাকে এক বছর আগে বলত সমারসেটের প্রথম দলে ঢুকতে চলেছি এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিতে চলেছি, তাদের কথা বিশ্বাস করতাম না। এগুলো খুব দ্রুত ঘটেছে। তবে আমি পা মাটিতে রাখছি এবং কঠোর পরিশ্রম করে যাব।’
গত বছরের মে-তে সমারসেটের সাথে চুক্তি হয় জুনিয়র ভনের। পরে চ্যাম্পিয়নশিপে টন্টনের বিপক্ষে ১৪০ রানে ১১ উইকেট শিকার করেছিলেন। সমারসেটের হয়ে চারটি ফার্স্টক্লাস এবং সাতটি ৫০ ওভারের ম্যাচ খেলে ৩০৮ রান করেছেন।








