অনুরাগ কাশ্যপের ছবিতে কি কখনো শাহরুখকে দেখা যাবে? উত্তরটা ‘না’ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দিলেন নির্মাতা।
সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ‘আমরা যে দেশে থাকি সেখানে হিরোরা পূজনীয়। আমাদের অনেক কিছুরই অভাব আছে, তার মাঝে আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের অভাব অন্যতম। আমাদের হিরো প্রয়োজন। সিনেমাগুলোতে কেন লার্জার-দ্যান-লাইফ হিরোদের দেখানো হয়? আমরাই একমাত্র দেশ যেখানে সুপারহিরোর মতো চরিত্রে অভিনেতারা নিজেদের চেহারা লুকিয়ে নেন না। ঢাকলেও মাস্কটা হবে খুবই ছোট, কারণ চেহারা দেখানোটাই বেশি গুরুত্বপূর্ণ এখানে।’
নির্মাতাকে জিজ্ঞেস করা হয় শাহরুখ খানকে নিয়ে সিনেমা নির্মাণের কোনো পরিকল্পনা তার আছে কিনা সেই প্রসঙ্গে। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে, বড় তারকাদের ভক্তদের আমি অনেক ভয় পাই। অভিনেতারা এক ধাঁচের অভিনয় করেন ভক্তদের কারণে। ভক্তরা একই জিনিস তাদের কাছে চাইতেই থাকেন বারবার। ব্যতিক্রম ঘটলেই ভক্তরা আর সেটা গ্রহণ করেন না। তাই অভিনেতারাও নতুন কিছু করার উৎসাহ হারিয়ে ফেলনে। তাই শাহরুখের যেই ধাঁচ, তা বদলানোর ক্ষমতা আমার নেই। যদি তার সিনেমা ফ্যান সফল হতো, তাহলে আমিও তার সঙ্গে কাজ করার সাহস পেতাম।’
২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবে অনুরাগের সর্বশেষ সিনেমা ‘কেনেডি’র প্রিমিয়ার হয়। নির্মাতার পরবর্তী সিনেমায় দেখা যাবে মালয়ালম অভিনেতা জজু জর্জকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস








