বলিউড অভিনেতা অনুপম খেরের অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দরজা ভেঙে অফিসের গোটা সিন্দুক তুলে নিয়ে গেছে চোর। চুরি গেছে সিনেমার নেগেটিভ।
দুষ্কৃতীরা অভিনেতার অফিসে ভাঙচুরও চালিয়েছে। সবকিছু নিয়ে এক্স হেন্ডেলে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করেন অনুপম। লিখেছেন,‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে দুজন চোর অফিসের দুটো দরজা ভেঙে একাউন্টস বিভাগের গোটা সিন্দুকটি (যা সম্ভবত তারা ভাঙতে পারেনি) তুলে নিয়ে গেছে এবং আমাদের কোম্পানির প্রযোজনায় নির্মিত একটা ছবির নেগেটিভও নিয়ে গেছে, যেগুলো কিনা একটা বাক্সে ছিল। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে, সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।’
পোস্ট করা ভিডিওটির কথা বলতে গিয়ে অনুপম খের লেখেন পুলিশ আসার আগে এই ভিডিওটা আমার অফিসের লোকজন তুলেছে। সব শেষে অনুপম লিখেছেন, ‘ঈশ্বর ওদের সুবুদ্ধি দিন’।
অনুপম খেরের পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, তার অফিসের দরজার তালা ও লক দুটোই ভাঙা। পুলিশ জানিয়েছে, দুটি চোরকে সিন্দুকসহ অন্যান্য চুরির সামগ্রী নিয়ে অটোয় উঠতে দেখা গিয়েছে।
বর্তমানে খুব কম কাজ করেন অনুপম। সামনে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’তে দেখা যাবে তাকে। পাশাপাশি ‘তন্বী দ্য গ্রেট’-এর হাত ধরে পরিচালনায় আত্মপ্রকাশ করছেন অনুপম খের। প্রায় ২০ বছর পর এই ছবির হাত ধরে পরিচালনায় ফিরছেন অনুপম।







