ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথমবার পূর্ণাঙ্গ ৪ ওভার বল করেছেন সাকিব আল হাসান। আগের ৫ ইনিংসে সর্বোচ্চ ২ ওভার বল করেছিলেন। নিজের বোলিং কোটা পূরণের দিন নিয়ন্ত্রিত ছিলেন টাইগার কিংবদন্তি। তবে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে হেরেছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টোডিয়ামে টসে হেরে ব্যাটে নেমে অ্যান্টিগা ৭ উইকেটে ১৪৬ রান করে। জবাবে নেমে ৮ উইকেট ও ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় নাইট রাইডার্স।
সাকিব ৪ ওভার বল করে ২৫ রান খরচায় নেন ১ উইকেট। ব্যাট হাতে অবশ্য আলো ছড়াতে পারেননি। আউট হয়েছেন ১৪ বলে ১৩ রান করে।
আগে ব্যাটে নামা ফ্যালকনসের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার জুয়েল অ্যান্ড্রু। ২৫ বলে ৩৭ রান করেন ইমাদ ওয়াসিম এবং ২৬ বলে ৩৪ রান করেন উসামা মীর।
নাইট রাইডার্সের হয়ে মোহাম্মদ আমির ৪ ওভারে ২২ রান খরচায় ৩ উইকেট নেন। আকিল হোসেইন ও আন্দ্রে রাসেল নেন দুটি করে উইকেট।
জবাবে নেমে সাকিবের আঘাতে ওপেনার কোলিন মানরো ফিরলেও অ্যালেক্স হেলস ও কেসি কার্টির ৮৭ রানের জুটিতে জয়ের ভিত গড়ে ত্রিনবাগো। কার্টি ৪৫ বলে ৬০ রান করে ফিরে গেলে জুটি ভাঙে। এরপর নিকোলাস পুরানকে সঙ্গী করে জয় নিশ্চিত করেন হেলস। ৪৬ বলে ৫৫ রানে হেলস এবং ১১ বলে ২৩ রানে পুরান অপরাজিত থাকেন।
ত্রিনবাগোর কাছে হারলেও ৭ ম্যাচে ৩ জয়ে শীর্ষে সাকিবের অ্যান্টিগা।








