ব্লাড ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর মারা গেছেন ভারতের সাবেক ব্যাটার ও জাতীয় দলের সাবেক প্রধান কোচ অংশুমান গায়কোয়াড। বুধবার রাতে ভারতের বরোদাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
দীর্ঘদিন ধরেই ক্যান্সারসহ শারিরিক নানা জটিলতায় ভুগছিলেন অংশুমান। চিকিৎসার জন্য সবশেষ লন্ডনে নেয়া হয়েছিল তাকে। এক মাসে দেশে ফিরিয়ে আনা হয়। পরে নিজ শহর বরোদাতেই চিকিৎসা চলছিল তার। সেখানেই মারা যান তিনি।
অংশুমানের মৃত্যুতে শোক নেমে এসেছে ভারতজুড়ে। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিসিসিআই সচিব জয় শাহও। কিছুদিন আগেই তার জন্য ১ কোটি রুপি দেয়ার ঘোষণা দিয়েছিল বিসিসিআই।
১৯৭৫ থেকে ১৯৮৭ সালের মধ্যে ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন অংশুমান। টেস্টে ৩০.০৭ গড়ে ১৯৮৫ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ২টি এবং হাফ-সেঞ্চুরি করেন ১০টি। টেস্ট ক্রিকেটে একটি ডাবল সেঞ্চুরি ও ২টি উইকেটও রয়েছে তার। ওয়ানডেতে ২০.৬৯ গড়ে ২৬৯ রান করেন। ছিল একটি ফিফটি। বল হাতে ১টি উইকেটও নিয়েছেন তিনি।
১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত দুটি মেয়াদে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন গায়কোয়াড। তার অধীনে ভারতের বড় অর্জনগুলোর মধ্যে রয়েছে স্বাধীনতা কাপে জয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে হোম সিরিজ জয়। এছাড়া ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্সআপ হয়েছিল ভারত।







