অপরাধ

লেফটেন্যান্ট তানজিম হত্যায় আরও এক ডাকাত আটক

সেনা সদস্যদের সঙ্গে আটক ব্যক্তি, বাংলাদেশি সেনা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা সদস্যরা অস্ত্রসহ অবস্থান করছেন, আটক ব্যক্তির সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহতের ঘটনায় আরও এক ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। আটক ডাকাতের নাম মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ ওরফে ভিন্ডি কামাল।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহীদ হন। ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের ধরতে সেনাবাহিনীর অভিযান চলমান। শুক্রবার চকরিয়ার রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ ওরফে ভিন্ডি কামালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি।

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় জড়িত এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। যাদের মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ঘটনায় জড়িত অবশিষ্ট ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কামাল উদ্দিনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।

বিষয়:আইএসপিআর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…