উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে আরও ৬১ জন বহিষ্কার

নির্বাচনী প্রচারনায় বিএনপি দলের লোগোসহ একটি ছবি, যেখানে দলীয় কর্মীরা অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনের ২য় ধাপে প্রার্থী হওয়ায় দলের ৬১ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
আজ শনিবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
বহিষ্কৃত নেতাদের মধ্যে ২৬ জন চেয়ারম্যান পদে প্রার্থী। বাকি ৩৫ জনের মধ্যে ১৯ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ১৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সকল নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, প্রথম ধাপের দেড়শ উপজেলায় ভোটে অংশ নেওয়ায় ৭৯ জনকে বহিষ্কার করে বিএনপি। এই নিয়ে দুই দফায় মোট ১৪০ জনকে বহিষ্কার করল বিএনপি।






