স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
আজ ১৯ নভেম্বর বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এমবিসিবির সেক্রেটারি ও সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গত রাত থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে। পিয়াসকে আজকের মধ্যেই মুক্তি দিতে হবে, অন্যথায় সারা দেশে কঠোর আন্দোলন শুরু হবে। পিয়াসকে ফেরত না দিলে দেশ অচল করে দেওয়া হবে।
আবু সাঈদ পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকার বাসা থেকে ডিবি পুলিশ তার স্বামীকে নিয়ে যায়। এসময় পিয়াসের মোবাইল ফোনটিও জব্দ করা হয় বলে তিনি অভিযোগ করেন। পরিবারের সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন।
সংগঠনটির নেতারা জানিয়েছেন, পিয়াসকে মুক্তি না দিলে দেশব্যাপী ধর্মঘট ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আরও বলেন, প্রয়োজনে অন্যান্য ব্যবসায়ী সংগঠনকেও আন্দোলনে যুক্ত করা হবে।








