আনজুমের স্রষ্টার কাছ থেকে প্রশংসা পেয়ে আপ্লুত ভাবনা

একজন লেখকের কলমে জন্ম নেওয়া চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলা, তারপর সেই চরিত্রের স্রষ্টার কাছ থেকেই অভিনয়ের প্রশংসা পাওয়া। অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!
‘যাপিত জীবন’ সিনেমায় আনজুম চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির প্রথম দিনেই সেই আনজুমের স্রষ্টা, প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কাছ থেকে পেয়েছেন ভালোবাসা ও প্রশংসা। আর সেই মুহূর্তকেই কোনো পুরস্কারের চেয়ে বড় বলে মনে করছেন অভিনেত্রী।
শুক্রবার (২০ নভেম্বর) সিনেমাটি মুক্তির দিন সেলিনা হোসেনের সঙ্গে তোলা বেশ কিছু ছবি ফেসবুকে প্রকাশ করে নিজের অনুভূতি জানিয়েছেন ভাবনা। সেখানে তিনি লিখেছেন, ‘যাপিত জীবনের প্রথম দিন, সেলিনা আন্টির সঙ্গে। সেলিনা হোসেন এই উপন্যাসের স্রষ্টা, আনজুম চরিত্রের স্রষ্টা। যিনি তার কলমে আনজুমকে সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্ট আনজুমকে বড় পর্দায়, তারই আনজুম হয়ে আপনাদের সামনে এসেছি আমি।’
সেলিনা হোসেনের মতো একজন গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধেয় কথাসাহিত্যিকের কাছ থেকে এমন ভালোবাসা পাওয়া ভাবনার কাছে বিশেষ সম্মানের। অভিনেত্রী লিখেছেন, ‘তার মতো একজন গুণী, কিংবদন্তি কথাসাহিত্যিক যখন আমাকে ভালোবাসেন, কাছে টেনে নেন, আমার অভিনয়ের প্রশংসা করেন, তখন সত্যিই মনে হয়, আমি ভীষণ ভাগ্যবতী। এই ছোট্ট জীবনে এত গুণী মানুষের ভালোবাসা পাওয়া আমার জন্য অনেক বড় সৌভাগ্য।’
সেলিনা হোসেন পাশে বসে অভিনয়ের প্রশংসা করেছেন, আদর করেছেন, কাছে টেনে নিয়েছেন। ভাবনার কাছে এই স্বীকৃতির মূল্য কতটা, তা স্পষ্ট তার পরের কথায়। তিনি লিখেছেন, ‘একজন অভিনেত্রী হিসেবে এর চেয়ে বড় পুরস্কার, বড় প্রাপ্তি আর কী হতে পারে! কোনো অ্যাওয়ার্ডের চেয়েও এই ভালোবাসা আমার কাছে অনেক বেশি মূল্যবান।’
সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিও আশাবাদী ভাবনা। প্রেক্ষাগৃহে গিয়ে ‘যাপিত জীবন’ দেখার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘ছবিটি দেখলে আপনারা হতাশ হবেন না, এইটুকু বিশ্বাস নিয়ে বলতে পারি।’
প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান। দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত ছবিতে একটি পরিবারের জীবন, সংকট ও সময়ের নানা বাস্তবতা উঠে এসেছে। সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদসহ অনেকে।






