প্রজন্ম আলাদা হলেও এক সুতোয় বাঁধা বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বলিউড বাদশা শাহরুখ খান। পেশার ক্ষেত্রে বিচারে তো বটেই। আবার ‘ডন’ ছবির সৌজন্যেও! ‘ডন’ যেমন এক সুতোয় বেঁধেছে তাদের দু’জনকে, তেমনই এই দুই তারকার মধ্যে তৈরি করে দিয়েছে পেশাগত প্রতিদ্বন্দ্বিতাও!
তবে তার প্রভাব পড়েনি তাদের ব্যক্তিগত সম্পর্কে কিংবা পারস্পরিক শ্রদ্ধায়। জনসমক্ষে এখনও একে অপরকে প্রশংসার ভরান বিগ বি ও শাহরুখ। পাশাপাশি প্রয়োজনেও একের অপরের কাছ থেকে সাহায্য চান তারা।
শাহরুখের কাছে তেমনই এক সাহায্য চেয়েছিলেন অমিতাভ। নিজের ভ্যানিটি ভ্যানকে নতুন ভাবে সাজানোর জন্য শাহরুখ পত্নী ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের সহায়তা চেয়েছিলেন অমিতাভ। শাহরুখও কথা দিয়েছিলেন, স্ত্রী গৌরী খান নিজেই চলে আসবেন তার ভ্যানিটি ভ্যান সাজাতে। কিন্তু সেই কথা রাখেননি শাহরুখ। আজও গৌরীর দেখা পাননি অমিতাভ। সম্প্রতি ‘কৌন বানেগা ক্রোড়পতি’-র একটি এপিসোডে এমনটাই জানান অমিতাভ।
ওই গেম শোয়ে গৌরী খান সংক্রান্ত একটি প্রশ্ন উঠলে শাহরুখ-পত্নীর প্রতিভার ভূয়সী প্রশংসা করেন অমিতাভ । শুধু তাই-ই নয়, গৌরীর নতুন বইয়েরও প্রশংসা করেন বিগ বি। তবে তার পরেই আসে অনুযোগের পালা।
অমিতাভ জানান, শাহরুখের সঙ্গে দিন কয়েক আগে শুটিং করছিলেন তিনি। কথা বলতেই বলতেই নাকি শাহরুখের ভ্যানে যান অমিতাভ। শাহরুখের ভ্যানিটি ভ্যান দেখে বেশ পছন্দও হয়েছিল বিগ বি’র।
অমিতাভের কথায়, ‘‘শাহরুখের ভ্যানের ডিজাইন খুব সুন্দর। সেখানে টিভি রয়েছে, চেয়ার রয়েছে। যেগুলো এদিক-ওদিক করা যায়। মেকআপের জন্য আলাদা জায়গা আছে, এমনকি বাথরুমও রয়েছে।’’
অমিতাভকে তখনই শাহরুখ জানান, স্ত্রী গৌরী খান তার এই ভ্যানিটি ভ্যানটি ডিজাইন করেছেন। অমিতাভ তাতে উৎসাহ পেলে শাহরুখ তাকে কথা দেন যে তিনি গৌরীকে বলবেন যেন তার ভ্যানও সুন্দর ভাবে ডিজাইন করে দেন তিনি। শাহরুখ প্রতিশ্রুতি দিয়েছেন, অপেক্ষা করেও ছিলেন অমিতাভ। কিন্তু বিগ বি আক্ষেপের সঙ্গে জানান, এখনও পর্যন্ত নাকি আসেননি গৌরী!
সূত্র: কইমই ডটকম







