দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। গতবছর সেপ্টেম্বরে ভারত সফরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টাইগার অলরাউন্ডার। অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন। মাঠের বাইরের নানা কারণে তা আর হয়ে ওঠেনি। ফারুক আহমেদকে অপসারণের পর বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের দিনে সাকিবের ফেরার বিষয়ে কথা বলেছেন তিনি। যদিও স্পষ্ট করেননি কিছুই।
শুক্রবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবি পরিচালক হন আমিনুল। বিকেলে বোর্ড সভায় পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। পরে সংবাদমাধ্যমে কথা বলেন। প্রশ্ন আসে সাকিবের ফেরার বিষয়ে। সরাসরি কোন বার্তা না দিয়ে নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন নতুন সভাপতি।
‘আমরা সবাই টেনশনে আছি। (পাকিস্তানের বিপক্ষে) আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। টি-টুয়েন্টিতে আমাদের দলে বেশ কয়জন অলরাউন্ডার আছে। সাকিবের ব্যাপারটা হল, সে তো বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। আশা করব, সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’
‘আমাদের ক্রিকেট বোর্ডে যারা নির্বাচক আছেন, তারা বিষয়টা দেখবেন। আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে, সিস্টেম আছে। নির্বাচকরা সেটা অনুসরণ করবে। সেটা আমরা সম্মান করব।’
দেশের ক্রিকেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমিনুল বলেন, ‘দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না ক্রিকেট ইন বাংলাদেশ। আমাদের দেশে কী ক্রিকেট আছে, আমরা চেষ্টা করব সেটাকে আরও এগিয়ে নিতে। বিশ্বাস করি ১১ জন ক্রিকেট খেলে না, বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে। আপনারা একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য। আশা করব আমরা একটা দল হিসেবে কাজ করব।’







