বিনোদন

শততম প্রদর্শনীর মাইলফলকে ‘আমিনা সুন্দরী’

শততম প্রদর্শনীর মাইলফলকে ‘আমিনা সুন্দরী’

বাংলাদেশে মঞ্চ নাটকের বিভিন্ন দলের মধ্যে ‘থিয়েটার আর্ট ইউনিট’ অন্যতম। এ বছর দলটি ৩৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে দলটি করছে নানা আয়োজন।

থিয়েটার আর্ট ইউনিটের ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আগামী ১৫ ও ১৬ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে দলটির অন্যতম দর্শকপ্রিয় নাটক ‘আমিনা সুন্দরী’।

চট্টগ্রামের ৩০০ বছরের পুরনো লোককাহিনী পূর্ববঙ্গ গীতিকার নছর মালুম আর ভেলুয়া সুন্দরীর কাহিনী অবলম্বনে এস এম সোলায়মানের রচনায় ‘আমিনা সুন্দরী’ নাটকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।

পুরুষশাসিত সমাজে নারীর সাথে পুরুষের প্রবঞ্চনাকে উপজীব্য করে লেখা এই নাটকে দেখা যায়, অত্যন্ত স্বামীভক্ত নারী আমিনা সুন্দরী, যার স্বামী নছর পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার উদ্দেশে ভিনদেশে গিয়ে নছর বিয়ে করে বার্মা তরুণী এখিনকে। স্বামীর সাথে এমন বিচ্ছেদে আমিনার জীবনে নেমে আসে নানা বিভীষিকা।

সম্মান ও অর্থের লোভে আমিনার মা তাকে বিয়ে দিতে চায় অন্যত্র। নিজেকে নানাভাবে রক্ষা করার চেষ্টা করলেও আমিনাকে হার মানতে হয় পুরুষশাসিত সমাজের কাছে। একসময় পলায়নরত আমিনা ধরা পড়ে ভোলো সওদাগরের হাতে। তবুও বিভিন্নভাবে ভোলো সওদাগরকে অবদমিত করে নছরের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে আমিনা সুন্দরী।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিম মাহবুব, কামরুজ্জামান মিল্লাত, সংগীতা চৌধুরী, অপ্সরা মৌ, পল্লবী,ফরিদা, লিমা, কামাল রায়হান, শিল্পী চৌধুরী, রেজা চৌধুরী, হাসনাত চৌধুরী প্রমুখ এবং নাটকটির মঞ্চ ব্যবস্থাপক হিসেবে রয়েছেন কামরুজ্জামান মিল্লাত।

২০০৭ সালে প্রথম মঞ্চে আসে থিয়েটার আর্ট ইউনিটের ১২তম প্রযোজনা ‘আমিনা সুন্দরী’। আগামী ১৫ ও ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমন্টোল থিয়েটার হলে হবে নাটকটির ৯৯ও ১০০ তম প্রদর্শনী।

বিষয়:Natok Shilpakala Academy Theatre Theatre Art Unit

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…