বার্ষিক মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রমের কারণে আজ দেশের সব তেল ডিপো ও প্রধান স্থাপনায় জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বিমান চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য জেট জ্বালানি সরবরাহে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, বুধবার (১ জুলাই) বিপিসির আওতাধীন বিভিন্ন বিপণন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোতে বার্ষিক সমাপনী মজুদ গণনা এবং বাস্তব যাচাই কার্যক্রম পরিচালিত হবে। এই কারণে চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপো ও জ্বালানি স্থাপনায় দিনের জন্য বিপণন কার্যক্রম বন্ধ রাখা হবে।
তবে দেশি-বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা যাতে ব্যাহত না হয়, সে জন্য সংশ্লিষ্ট ডিপোগুলোকে জেটএ-১ জ্বালানির মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই দ্রুত শেষ করে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যক্রম শেষ হলে আগের মতো জ্বালানি সরবরাহ ও বিপণন কার্যক্রম স্বাভাবিক হবে।
এই নির্দেশনার অনুলিপি যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।







