বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ মে) থেকে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
বুধবার (২৮ মে) এক বিবৃতিতে এই কথা জানিয়েছে বাজুস।
বলা হয়েছে, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
একই সঙ্গে রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর তাঁতীবাজার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয় বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে।









