সোমবার সৌদি প্রো লিগের ম্যাচে আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করে টেবিলের শীর্ষ থেকে ছিটকে যায় আল নাসের। ম্যাচ শেষে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিলেন কোচ রুডি গার্সিয়া। এরপর পর্তুগিজ মহাতারকা বলেছিলেন, গার্সিয়ার কৌশল পছন্দ নয় তার। যার রেশ ধরে আলোচনা ওঠে গার্সিয়াকে ছাঁটাইয়ের। শেষ পর্যন্ত সেটাই ঘটেছে, গার্সিয়াকে বরখাস্ত করেছে ক্লাবটি।
বৃহস্পতিবার কোচ গার্সিয়াকে অব্যাহতির বিষয়টি জানিয়েছে আল নাসের। বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ বলেছে, ‘আল নাসের জানাচ্ছে যে, প্রধান কোচ গার্সিয়া পারস্পরিক সম্মতির ভিত্তিতে ক্লাব ত্যাগ করেছেন। আমরা গার্সিয়া ও তার সহকারী স্টাফদের গত ৮ মাসের নিবেদনের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এর আগে সোমবার সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করে আল-নাসের। ম্যাচ শেষে অসন্তোষ প্রকাশ করেন রোনালদো। বেশকিছু সহজ সুযোগ নষ্ট করে নিজের উপর বিরক্তই ছিলেন পর্তুগিজ মহাতারকা। এরপর কোচের কটাক্ষও শুনতে হয়।
ম্যাচ শেষে গার্সিয়া বলেছিলেন, ‘এই ফল মোটেও গ্রহণযোগ্য নয়, আমি খুবই অসন্তুষ্ট। খেলোয়াড়দের পারফরম্যান্সেও সন্তুষ্ট নই। আল আদালাহর বিপক্ষে ৫–০ গোলে জয়ের ম্যাচে সবাই যেভাবে খেলেছে, ফেইহার বিপক্ষে সেই পারফরম্যান্স অনুপস্থিত ছিল। এখনো ৭টি ম্যাচ বাকি আছে। আমরা ভালো করতে চাই। কাজটা কঠিন নয়, ফুটবলে সবকিছুই সম্ভব।’







