ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন, এ কে এম সহিদ উদ্দিন। এতদিন তিনি প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গতকাল বুধবার (১৪ আগস্ট) ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান।
তাকসিম এ খান ২০০৯ সালে প্রথমবারের মতো ওয়াসার এমডি পদে নিয়োগ পেয়েছিলেন। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।
গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিম এ খান। দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে ১৬ বার।







