টি-টুয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের চেয়ে হারের পাল্লাই বেশি ভারী বাংলাদেশের। তবে ছোট ফরম্যাটে সবশেষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর টাইগারদের আত্মবিশ্বাস বাড়তির দিকে। ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রিয় ফরম্যাটে আফগানদের বিপক্ষে সিরিজ হারলেও টিম টাইগার্সের এবার লক্ষ্য টি-টুয়েন্টি সিরিজ জিতে নেয়া।
বাংলাদেশ-আফগানিস্তানের দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রথমটিতে শুক্রবার সাকিব আল হাসানের দলের মুখোমুখি হবে রশিদ খানের দল। ম্যাচ শুরু সন্ধ্যা ৬ টায়।
আইসিসি র্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে থাকলেও দলটির বিপক্ষে টি-টুয়েন্টি পারফরম্যান্স ভালো নয় টাইগারদের। আগের ৯ দেখায় ৬বারই সঙ্গী হয়েছে হার, বিপরীতে জয় মাত্র ৩টিতে।
সাকিবের নেতৃত্বে টি-টুয়েন্টি দল বুধবার সিলেট পৌঁছে পেয়েছে বৃষ্টির দেখা। চায়ের শহরে ম্যাচের দিনও রয়েছে বৃষ্টির শঙ্কা। টাইগার অধিনায়ক কার্টেল ওভারে ম্যাচ খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন দলকে।
সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন কন্ডিশন নিয়ে ভাবছেন না দলের কেউ। বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, ‘আমি আর কোচ উইকেট নিয়ে আলাপ ছাড়া মনে হয় না অন্যকেউ উইকেটের কাছেও গেছে।’
কন্ডিশন আর প্রতিপক্ষ নিয়ে বেশি ভেবে অতীতে পারফরম্যান্সের গ্রাফ কেবল তলানিতেই নেমেছে। তাই নিজেদের নিয়েই কেবল ভাবতে চায় বাংলাদেশ। সাকিব বলেছেন, ‘প্রতিপক্ষ, উইকেট নিয়ে যত ভেবেছি, ততই আমরা খারাপ করেছি।’
‘কন্ডিশন নিয়ে আমরা ভাবছি না। আফগানিস্তান ভালো একটা দল, অবশ্যই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে ওদেরকে মোকাবেলা করা আমাদের জন্য ভালো সুযোগ। ওদের সম্পর্কে বোঝার, শক্তি সম্পর্কে জানার ভালো সুযোগ এটি।’
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। তিন মাস পরের বিশ্বআসর। তার আগে দুদলের দেখা হবে এশিয়া কাপেও।







