রাজনৈতিক অবস্থার কারণে মাটিতে নির্দিষ্ট কোনো হোম ভেন্যু নেই আফগানিস্তানের। কখনও ভারত, কখনও সংযুক্ত আরব আমিরাতে ঘরের মাঠ বানিয়ে খেলতে হয় তাদের। ভালো খেলার লক্ষ্যে এবার নির্দিষ্ট হোম ভেন্যুর দাবি তুলেছেন হাশমাতউল্লাহ শাহিদি।
ভারতের গ্রেটার নয়ডায় সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নামবে আফগানিস্তান। তার আগেরদিন সংবাদ সম্মেলনে এসে নির্দিষ্ট হোম ভেন্যুর কথা বলেছেন আফগান অধিনায়ক।
‘ভারত আমাদের হোম ভেন্যু। আমরা যখন অন্য দেশগুলোকে স্বাগত জানাই, দেখা যায় তারা এখানে আমাদের চেয়ে বেশি খেলেছে। তাই আশা করি, ভারতে আমরা একটি নির্দিষ্ট ভালো ভেন্যু পাব এবং সেটিতেই সব খেলব। এটিই আমাদের জন্য বেশি কার্যকর হবে।’
‘আমাদের ক্রিকেটারদের প্রথম শ্রেণির রেকর্ড খুব ভালো কারণ আমরা (আফগানিস্তানে) নিজেদের মাঠে খেলি, কন্ডিশন খুব ভালোভাবে জানি। ভবিষ্যতে দলগুলো আফগানিস্তানে যাবে। তখন আমাদের গড় এখনের চেয়ে ভালো হবে। এখন আশা করি আমাদের ক্রিকেট বোর্ড ও বিসিসিআই ভারতে একটি ভালো ভেন্যু দেবে, আমরা এক ভেন্যুতে অনেক ম্যাচ খেলতে পারব।’
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ছয় বছরে মাত্র ৯টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির বর্তমান চক্রে (২০২৩-২৭) তাদের রয়েছে ২২টি টেস্ট। তবে এর বেশিরভাগ নিচের সারির দল যেমন জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে। সে কারণে ম্যাচ বাড়ানোর পাশাপাশি বড় দলগুলোর বিপক্ষে খেলতে চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন শাহিদি।
বলেছেন, ‘৬ বছরে, ৯টি খেলা নয়, আমি বলতে পারি না যে এটি অনেক। আমরা যদি ভাল দলগুলির সাথে আরও অনেক বেশি সুযোগ পাই, আমরা উন্নতি করব এবং আমাদের ক্রিকেট বোর্ড সেই কাজটি করছে। আমি মনে করি আমরা যদি নিয়মিতভাবে আরও সুযোগ পাই তবে আমরা অনেক উন্নতি করব।’








