আজহার হীরা: খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন অর্ন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সেখানে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শেষ বিকেলে সড়ক পথে ফেনী থেকে দীঘিনালায় পৌঁছান উপদেষ্টা। এসময় বাস টার্মিনাল এলাকায় স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালীদের সাথেও মতবিনিময় করেন নাহিদ ইসলাম।
তথ্য উপদেষ্টা বলেন, পাহাড়ে নানা ধরণের বৈষম্য রয়েছে। এখানে বসবাস করা জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে। আমরা লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেখানে কোন বৈষম্য থাকবে না।
নাহিদ ইসলাম বলেন, আমরা সকলের সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। পাহাড়ে যারা ভেদাবেদ ও দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চায় তাদের কোনভাবেই সুযোগ দেয়া যাবে না। পাহাড় সমতল মিলে বাংলাদেশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সদরে যুবককে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিলকে কেন্দ্র জেলার দীঘিনালায় পাহাড়ি ও বাঙ্গালীদের সংঘর্ষ হয়। পরে সহিংসতায় রূপ নেয়। দুর্বৃত্তরা সেখানে লারমা স্কয়ার বাজারে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। শতাধিক দোকানপাট পুড়ে যায়।








