বলিউড তারকাদের বিয়ে মানেই এখন এক তুলকালাম কাণ্ড! কড়া নিরাপত্তার বিষয় তো আছেই, সেই সাথে ইদানিং যুক্ত হয়েছে ‘নো-ফটো’ পলিসি। তবে এসব কিছুর বালাই ছিলো না অভিনেত্রী অদিতি হায়দরি ও সিদ্ধার্থের বিয়েতে!
একেবারে সাদামাটা আয়োজনে সম্পন্ন হলো তাদের বিয়ে। যা নেটিজেনদের কাছে পাচ্ছে প্রশংসা! সকলে বলছেন, অদিতি এবং সিদ্ধার্থের বিয়ের যে বিষয়টা আলাদা করে নজর কাড়ল, তা হল সাদামাটা আয়োজন। একেবারে ঘরোয়াভাবে সম্পন্ন হল বিয়ে।
জানা গেছে, তাদের বিয়েতে এসেছিলেন নিকট আত্মীয়রা। অদিতি বিয়ের জন্য বেছে নেন বেইজ-গোল্ডেন শাড়ি। আর সঙ্গে কুন্দনের গয়না। সুদর্শন বর একটি সাদা কুর্তা পায়জামা পরেছেন।
বিয়ের ছবিগুলো দিয়ে অদিতি জানান,‘তুমি আমার সূর্য, আমার চাঁদ এবং আমার সমস্ত তারা…অনন্তকালের জন্য পিক্সি সোলমেট হলাম… এভাবেই সারাক্ষণ হাসব আমরা… কখনো বড় হব না… অনন্ত প্রেম, আলো ও জাদু… মিসেস ও মিস্টার আদু-সিধু।’
অদিতির সেই পোস্টে শুধু ভক্ত অনুরাগীরা নয়, অভিনন্দন জানাচ্ছেন বলিউডের তারকারাও। অনন্যা পান্ডে, আথিয়া শেঠি কিংবা ভূমি পেডনেকর থেকে সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালারাও জানাচ্ছেন অভিনন্দন।
২০২১ সালে ‘মহা সমুদ্রম’-এর সেটে অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে আলাপ হয় অদিতির। সেই বছরেই তাদের প্রেমের গুঞ্জন শুরু। ২০২৪ সালের ২৮ মার্চ সিদ্ধার্থ ও অদিতি ঘোষণা করেন তাদের এনগেজমেন্টের খবর। এবার হলো বিয়ে।







