১০ দিন পার হয়ে গেল হাসপাতালে ভর্তি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কখনও ভাল, কখনও আবার মন্দ- এভাবেই পার হচ্ছে তার প্রতিটা দিন। তবে এত কিছুর মাঝেও চিকিৎসকরা আশায় মন বেঁধে রেখেছেন!
মাঝে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও শুক্রবার (১১ নভেম্বর) আবারও জ্বর এসেছে নায়িকার। হাসপাতাল সূত্রে কলকাতার সংবাদমাধ্যম বলছে, এখনও ‘সি প্যাপ’ সাপোর্টে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। জ্ঞান ফেরেনি, ফলে ঘোরের মধ্যেই রয়েছেন অভিনেত্রী।
এর আগে গত মঙ্গলবার জানা গিয়েছিল, আবার নাকি নতুন সংক্রমণ ধরা পড়েছে অভিনেত্রীর শরীরে। কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে তা ছিল অনেকটা নিয়ন্ত্রণে। যদিও এই সময়টাতে জ্বর আসাটা ভাল লক্ষণ নয় বলেই মনে করছেন চিকিৎসকেরা।
এদিকে ঐন্দ্রিলাকে নিয়ে কোনরকম নেতিবাচক খবরকে প্রশয় দিতে রাজি নন প্রেমিক। উদ্বেগের মাঝেই সব্যসাচী সোমবার সন্ধ্যায় ফেসবুকে জানিয়েছিলেন ‘সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা’। চিকিৎসকেরা ‘এক্সটার্নাল স্টিমুলি’র মাধ্যমে অভিনেত্রীকে সুস্থ করবার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তবে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি না হলেও এখনও বিপদ মুক্ত নন অভিনেত্রী, জানাচ্ছেন চিকিৎসকরা।
গত ১ নভেম্বর রাতে আচমকা অসুস্থ অনুভব করেন ঐন্দ্রিলা। প্রথমে তার ডান হাত অবস হয়ে যায়। এরপরই ডান পা অবস হয়ে পড়ে অভিনেত্রীর। ৫-৭ মিনিটের মধ্যে ঐন্দ্রিলার গোটা দেহে পক্ষাঘাত দেখা দেয়। বমি করতে শুরু করেন তিনি। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ব্রেন স্ট্রোকে আক্রান্ত, মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে। ফলে তাড়াতাড়ি অস্ত্রোপচার করতে হবে। তারপর থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা।







