দিল্লিতে মিছিলের আগেই আটক অভিজিৎ দীপকে

ভারতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শুক্রবার তার বাড়ি থেকে আটক করা হয়েছে। দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলে যোগ দিতে যাওয়ার কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড এই তথ্য জানায়।
এক সপ্তাহের মধ্যে এটি দীপকের দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালে তালিকায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে দিল্লিতে পৌছানোর পরপরই তাঁকে আটক করা হয়েছিল।
এই মিছিলের অন্যতম কারণ ছিল সিজেপির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেপ্তার। ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশের পর তাদের গ্রেপ্তার করা হয়। এর আগের দিন ঐতিহাসিক এই স্থানকে প্রতিবাদস্থল হিসেবে ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছিল। পরে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
শুক্রবার দীপকেকে আটকের আগে দিল্লি পুলিশ তার বাড়িতে গিয়ে মিছিল না করার নোটিশ দেয়।
বিএনএসের ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত বড় বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এতে আরও বলা হয়, প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) অনুমতি দেয়নি। এরপরও সিজেপি মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
গান্ধীর ছবি আকা সাদা টি-শার্ট ও জিনস পরা দীপকেকে জানানো হয়, জাতীয় পতাকা ওড়ানো আইনবিরুদ্ধ নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা ও লোকজন জড়ো করা নিষেধাজ্ঞার লঙ্ঘন। এ ক্ষেত্রে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। ৩১ বছর বয়সি এই নেতাকে জাতীয় পতাকা বিধি অনুযায়ী পতাকার প্রতি যথাযথ সম্মান দেখানোর নিয়ম সম্পর্কেও জানানো হয়।
ভিডিওতে দেখা যায়, দীপকের কাধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে তিনি পুলিশের এক সদস্যকে প্রশ্ন করছেন, “আপনারা আমার বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন?”
কাচের ওপরের অংশ থাকা টেবিলে কয়েকটি কাগজ দেখা যায়। দীপকে সেগুলো খতিয়ে দেখছেন, কিছু অংশ পড়ে শোনাচ্ছেন এবং পুলিশের সদস্যদের প্রশ্ন করছেন।






