আন্তর্জাতিক

সিজেপির বিক্ষোভ: দিল্লি বিমানবন্দরে আটক অভিজিৎ দীপকে

সিজেপির বিক্ষোভ: দিল্লি বিমানবন্দরে আটক অভিজিৎ দীপকে

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির আগে কক্‌রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাঁকে বহনকারী উড়োজাহাজে উঠে পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় দীপকে ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে (লাইভ) পুলিশের তৎপরতা দেখান।

দীপকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের একটি দল উড়োজাহাজের ভেতরে প্রবেশ করছে। এ সময় সিজেপির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও উড়োজাহাজ থেকেই আটক করা হয় বলে জানা গেছে।

এদিকে, ইউটিউবার ধ্রুব রাঠিকেও শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-এ তাঁর বাসভবন থেকে আটক করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

সিজেপির প্রস্তাবিত বিক্ষোভে অংশ নিতে রাঠি দিল্লিতে আসার পরিকল্পনা করেছিলেন। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচনী সংস্কারের দাবিতে যন্তর মন্তরে এ বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। তবে কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের পরিকল্পনা অনুযায়ী, বিক্ষোভকারীদের নয়াদিল্লি জেলায় প্রবেশ ঠেকানো এবং নিষিদ্ধ এলাকায় কেউ প্রবেশ করলে দ্রুত সরিয়ে দেওয়া হবে। যন্তর মন্তর, জনপথ, নির্বাচন কমিশনের কার্যালয় ও দিল্লি পুলিশ সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, বিক্ষোভ ঘিরে দিল্লির বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। সম্ভাব্য জমায়েত নিয়ন্ত্রণে পুলিশ মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সতর্ক করছে। একই সঙ্গে বিক্ষোভে অংশ নিতে আসা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অবশ্য জানিয়েছেন, বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হলেও তাঁদের স্বেচ্ছাসেবক ও সমর্থকেরা যন্তর মন্তরের কর্মসূচিতে অংশ নেবেন। জনদুর্ভোগের আশঙ্কায় বিক্ষোভে বাধা দেওয়া হলেও পরিবহন চলাচলে বিধিনিষেধ আরোপের মাধ্যমে জনসাধারণের ভোগান্তি আরও বাড়ানো হচ্ছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।

বিষয়:অভিজিৎ দীপকে কক্‌রোচ জনতা পার্টি ধ্রুব রাঠি যন্তর মন্তর সিজেপি সিজেপির বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…