ক্যারিয়ারের প্রায় দুই দশক সময় ধরে শাহরুখ ঠোঁট মিলিয়েছেন অভিজিৎ ভট্টাচার্যের গানে। চলতে চলতে, ইয়েস বস, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি এবং বাদশা-সহ আরও একগুচ্ছ সিনেমায় শাহরুখ খানের জন্য গান গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। ম্যায় হু না-র পরে এই জুটি ভেঙে যায়। অভিজিতের মনের ক্ষোভ এত বছরেও মেটেনি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলায় দেয়া সাক্ষাৎকারে অভিজিৎ বিস্ফোরক মন্তব্য করেছেন শাহরুখকে নিয়ে। বলেছেন, “আমরা দুজনেই আসলে জানি কী করতে চলেছি আমরা। আমি যদি তার কাছে এখন যাই, তার থেকে বয়সে ৬-৭ বছরের বড় হওয়ার সুবাদে তাকে বলতেই পারি, ‘অনেক হয়েছে এসব নাটক, আপনি একজন তারকা, আর তাই থাকবেন’। কিন্তু আমি যদি ছবিতে থাকি, তাহলে আমাকেও গুরুত্ব দিতে হবে। আমার মাঝে মাঝে মনে হয়, তিনি এমন এক মানুষ যিনি শো অফ করতে বেশি পছন্দ করেন… অথবা হতে পারে তার হাতে সময় নেই। কিন্তু তিনি একেবারেই এরকম নয়। আমি নিজেকেও চিনি, শাহরুখকেও খুব ভালো করে বুঝি। আমাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক না থাকা সত্ত্বেও। তিনি জানেন আমি মনে আঘাত পেয়েছি।”
শাহরুখ খানকে নিয়ে এর আগেও জনসমক্ষে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিজিৎ। একবার বাংলা টক শো ‘অপুর সংসার’-এ এসে শাশ্বত চট্টোপাধ্যায়কে অভিজিৎ বলেছিলেন, ‘এখন ছবির টাইটেল কার্ডে গায়ক গায়িকার নাম আসে সবার শেষে। যখন দর্শকরা হল ছেড়ে বেরিয়ে যায় তখন। এদিকে অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে উঠে বলে, গায়ক গায়িকাদের জন্যই তারা সফল হয়েছেন’।
তাদের মধ্যে ঝামেলা শুরু হয়, যখন ম্যায় হু না-র গানগুলির জন্য অভিজিতকে যথার্থভাবে কৃতজ্ঞতা জানানো হয়নি। অভিজিৎ এতটাই রেগে গিয়েছিলেন যে, প্রেস কনফারেন্স ডেকেছিলেন। সেখানে ঘোষণা করেছিলেন, তার গানের জোরেই শাহরুখ এত বড় তারকা হয়েছেন। কিন্তু আর কখনো তিনি গান গাইবেন না শাহরুখের জন্য।
সূত্র: আউটলুক ইন্ডিয়া







