২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ছবি ‘তারে জামিন পার’। যার ১৮ বছর পর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে এই ছবির সিক্যুয়েল ‘সিতারে জামিন পার’। মঙ্গলবার (১৩ মে) প্রকাশ্যে এল যার ট্রেলার।
৩ মিনিটের ট্রেলারে দেখা গেছে যে, আমির একজন বিখ্যাত বাস্কেটবল কোচ, যিনি সম্মান হারিয়েছেন। পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার পরে আদালত তাকে শাস্তিস্বরুপ জরিমানা করে যে তাকে মেন্টালি চ্যালেঞ্জ লোকেদের প্রশিক্ষণ দিতে হবে। জেনেলিয়া তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন।
ট্রেলারটি পোস্ট করে আমির খানের প্রোডাকশন হাউজ লিখেছে, ‘১ টিংগু বাস্কেটবল কোচ, ১০ তুফানি সিতারে এবং ওদের জার্নি।’ “সবকা আপনা আপনা নর্মাল (সবারই নিজস্ব স্বাভাবিকতা আছে)” স্লোগান নিয়ে এই চলচ্চিত্রটি অন্তর্ভুক্তিমূলক সমাজের পক্ষে কথা বলে এবং এমন একটি বার্তা তুলে ধরতে চায় যা দর্শকদের অন্তর ছুঁয়ে যাবে।
এই সিনেমার মূল লক্ষ্যই হলো সকল ভিন্নতা ও বৈচিত্র্যকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানানো এবং প্রতিটি মানুষকে তার নিজস্ব স্বাভাবিকতাসহ গ্রহণ করা।
এদিকে ‘সিতারে জামিন পার’র ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টা না পেরতেই বয়কটের ডাক উঠেছে আমিরের এই ছবির। নেটিজেনদের একাংশের দাবি, ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তানের পক্ষ নিয়েছে তুরস্ক। আর এই তুরস্ক সফরে গিয়েই সেদেশের রাষ্ট্রপতি রেজেপ তাইপ এরদোগানের সঙ্গে হাত মিলিয়েছিলেন আমির।
সেই ছবি এক্স এ পোস্ট করে নেটিজেনদের একাংশের দাবি, ভারত বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন আমির, তাই তার আগামী ছবি বয়কট করা উচিত। আমির ভক্তদের অবশ্য দাবি অভিনেতা তুরস্কে গিয়েছিলেন বেশ কয়েক বছর আগে। তখন ভারতের সঙ্গে তুরস্কের কোন বিরোধ ছিল না। কাজেই তার জন্য এখন তাকে দোষারোপ করার কোনও যুক্তি নেই।
আমির খান প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে ১০জন নতুন অভিনয়শিল্পী অভিনয় করেছেন, যারা হলেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর। আরো রয়েছেন জেনেলিয়া ডি সুজা। এর চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা।








