বন্যহাতি তাড়াতে গিয়ে ফাঁদের তারে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

A young man sitting on steps outdoors, playing an acoustic guitar, with greenery in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
শেরপুর জেলার নালিতাবাড়ীর নাকুগাঁও অঞ্চলের পাহাড়ী এলাকায় বন্যহাতি তাড়াতে গিয়ে জেনারেটরের ফাঁদ পাতা তারের বিদ্যুৎস্পর্শে একজন যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ (৩০ মার্চ) শনিবার ভোররাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত উসমান আলী (২৩) নাকুগাঁও গ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে খাদ্যের সন্ধানে একদল বন্যহাতি নাকুগাঁও পাহাড় থেকে পাশ্ববর্তী এলাকায় নেমে আসে। এসময় স্থানীয় কৃষকরা তাদের আবাদ করা বোরো ফসলের ক্ষেত বাঁচাতে বন্যহাতি তাড়াতে যান।
হাতি তাড়ানোর একপর্যায়ে, বন্যহাতির দল পাল্টা তাড়া দিলে উসমান আলীসহ অন্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় পা পিছলে ক্ষেতের আইলে পড়ে গেলে পাশে থাকা বৈদ্যুতিক জেনারেটরের খোলা তারে জড়িয়ে তিনি জ্ঞান হারান।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুইয়া জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে এবং এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।






