জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় আমিরুল ইসলাম (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি মাদক কারবারির সাথে জড়িত ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার পুরানাপৈল-হিলি বাইপাস সড়কের শগুনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সাথে থাকা ব্যাগ থেকে ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
নিহত আমিরুল ইসলাম দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দা।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, আমিরুল ইসলাম দিনাজপুরের বিরামপুর থেকে একটি কালো ব্যাগ নিয়ে মোটরসাইকেলযোগে জয়পুরহাটের বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় পাঁচবিবিগামী গরুবোঝায় একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আমিরুল ইসলাম ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সে সময় নিহত আমিরুলের ব্যাগ থেকে ৩৭ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। নিহত আমিরুল মাদক কারবারির সাথে জড়িত ছিলেন বলে ধারণা করছে পুলিশ।







