ভারতের মহারাষ্ট্রের ঠাণে জেলার একটি বাস স্টপেজের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ’। এলাকায় বাংলাভাষী মানুষের সংখ্যা প্রচুর। তাই ঠাণে কর্তৃপক্ষের তরফ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে ওই এলাকায় তৈরি হয়েছে বিতর্ক।
এনডিটিভি জানিয়েছে, গত ১৬ জুন শুক্রবার ভারতের মহারাষ্ট্রের ঠাণে জেলার পশ্চিম ভায়ান্ডের উত্তানচক এলাকার একটি বাসস্ট্যান্ডের নাম বদলে বাংলাদেশ রাখা হয়েছে, যা এতদিন পরিচিত ছিল ইন্দিরা নগর নামে। তবে অনেকেই মনে করছেন আগের নামটিই ঠিক ছিল। তাই নাম পরিবর্তন নিয়ে ওই এলাকায় তৈরি হয়েছে বিতর্ক।
মহারাষ্ট্রের ঠাণের স্থানীয় একজন বাসিন্দা বলেন, পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ জীবিকার টানে এখানে ঘর বেঁধেছেন। বহু বছর ধরে এখানেই তাদের বসবাস। এলাকাটির নাম ইন্দিরা নগর হলেও বাংলাভাষীদের আধিক্যের কারণেই এই এলাকাকে অনেকে বাংলাদেশ বলে ডেকে থাকেন। তাই মনে হয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
এই নামবদলের বিরোধিতা করছেন স্থানীয় বাসিন্দাদের অনেকে। তাদের আশঙ্কা, এর ফলে এলাকার পরিচিতি বদলে যেতে পারে।
ভারতের বিভিন্ন অংশে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে আঘাত করার প্রবণতা রয়েছে। সাম্প্রতিক সময়ে যা আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গের বাংলাভাষী যে এক নন, তা বোঝেন না ভারতের অনেকেই। আবার এর নেপথ্যে কাজ করে বিভিন্ন রাজনৈতিক লাভক্ষতির অংকও। তবে ঠাণের বাসস্ট্যান্ডের নামবদলের নেপথ্যে কী কারণ, তা এখনও অজানা।










