সৌদি আরবে কর্মরত সব গৃহকর্মীর বেতন সরকারি চ্যানেলের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পুরোপুরি কার্যকর হবে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গৃহকর্মীদের বেতন-সংক্রান্ত অধিকার সুরক্ষা এবং নিয়োগকর্তা ও কর্মচারীদের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ক আরও স্বচ্ছ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত মুসানেদ প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে বেতন স্থানান্তর করতে হবে।
সরকারি চ্যানেলের মধ্যে ডিজিটাল ওয়ালেট ও অংশগ্রহণকারী ব্যাংকগুলো অন্তর্ভুক্ত থাকবে। এসব মাধ্যম ব্যবহার করে বেতন পরিশোধ নিশ্চিত করলে মজুরি প্রদানের নির্ভরযোগ্যতা বাড়বে, নগদ লেনদেন কমবে এবং গৃহকর্মী খাতের সার্বিক উন্নয়ন ঘটবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সরকারি চ্যানেলের মাধ্যমে বেতন পরিশোধের ফলে নিয়োগকর্তা ও কর্মচারী উভয়ই নানা সুবিধা পাবেন। এতে বেতন যাচাই সহজ হবে, চুক্তি শেষ হওয়ার পর বা ভ্রমণসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা সহজ হবে এবং গৃহকর্মীরা নিয়মিত, নিরাপদ ও ধারাবাহিকভাবে তাদের বেতন পাবেন। একই সঙ্গে গৃহকর্মীরা চাইলে এসব চ্যানেলের মাধ্যমে সহজে ও নিরাপদে পরিবারের কাছে অর্থ পাঠাতে পারবেন।
উল্লেখ্য, এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম ধাপ শুরু হয় ২০২৪ সালের ১ জুলাই। ওই ধাপে প্রথমবারের মতো সৌদি আরবে আগত গৃহকর্মীদের ক্ষেত্রে সরকারি চ্যানেলের মাধ্যমে বেতন প্রদান বাধ্যতামূলক করা হয়। এর লক্ষ্য ছিল নগদ লেনদেন হ্রাস, কর্মপরিবেশ উন্নয়ন এবং বেতন প্রদানের প্রক্রিয়া আরও দ্রুত ও নির্ভরযোগ্য করা।
পরবর্তী ধাপগুলোতে ধাপে ধাপে আরও নিয়োগকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়। ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া দ্বিতীয় ধাপে চার বা ততোধিক গৃহকর্মী নিয়োগকারীরা অন্তর্ভুক্ত হন। ২০২৫ সালের জুলাইয়ে তৃতীয় ধাপে তিন বা ততোধিক গৃহকর্মী নিয়োগকারীদের আওতায় আনা হয়। সর্বশেষ চতুর্থ ধাপ, যেখানে দুই বা ততোধিক গৃহকর্মী নিয়োগকারী অন্তর্ভুক্ত, তা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
মুসানেদ প্ল্যাটফর্ম জানায়, নিয়োগকর্তা চুক্তিতে নির্ধারিত মজুরি পরিশোধে বাধ্য থাকবেন। সাধারণত প্রতি হিজরি মাসের শেষে এই মজুরি গৃহকর্মীকে প্রদান করতে হবে, যদি না উভয় পক্ষ লিখিতভাবে ভিন্ন কোনো সমঝোতায় পৌঁছান। এছাড়া গৃহকর্মীরা চাইলে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।
এক্ষেত্রে তাদের একটি মাদা কার্ড সরবরাহ করা হবে। তবে যেসব গৃহকর্মী মজুরি সুরক্ষা ব্যবস্থার আওতাভুক্ত, তাদের বেতন অবশ্যই অনুমোদিত সরকারি চ্যানেলের মাধ্যমে স্থানান্তর করতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে গৃহকর্মীদের অধিকার আরও সুরক্ষিত হবে এবং সৌদি আরবে গৃহকর্মী খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে।







