বিপ্লব ও সংহতি দিবসে চ্যানেল আইয়ের পর্দায় দিনভর বিশেষ আয়োজন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠান সম্প্রচার করছে চ্যানেল আই। গান, আলোচনা, তারকাদের স্মৃতিচারণ ও প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হচ্ছে।
বিশেষ এই আয়োজনে থাকছে নিয়মিত অনুষ্ঠানগুলোর বিশেষ পর্বের পাশাপাশি একাধিক বিশেষ অনুষ্ঠান।
সকালে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্বের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই পর্বে মুক্তিযুদ্ধের গান ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন দিঠি আনোয়ার ও অপু আনান।
এরপর দিবসটির ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রচারিত হয় জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। এতে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন।
দুপুরের আয়োজন ‘দারুণ দুপুরে’র বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। অন্যদিকে, চ্যানেল আইয়ের ‘তারকা কথন’-এর বিশেষ আয়োজনে সংগীতশিল্পী ইথুন বাবু ও পলাশের আলাপে উঠে আসে ঐতিহাসিক ৭ নভেম্বরের নানা প্রসঙ্গ, দিবসটির তাৎপর্য ও স্মৃতিচারণ।
এ ছাড়া দিবসটি উপলক্ষে চ্যানেল আই বার্তাকক্ষ প্রযোজিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘৭ নভেম্বর: নতুন বাংলাদেশের সূচনা’ প্রচার করা হয়। এতে ঐতিহাসিক এই দিনের ঘটনাপ্রবাহ ও বাংলাদেশের ইতিহাসে এর গুরুত্ব তুলে ধরা হয়েছে।
দিনের আয়োজনের ধারাবাহিকতায় থাকছে বিশেষ টকশো ‘টু দ্য পয়েন্ট’সহ আরও নানা অনুষ্ঠান।






