দিল্লির হরি নগরে শনিবার একটি পুরাতন মন্দিরের দেয়াল ধসে ৪ জন নারীসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা এবং ২ জন মেয়ে রয়েছে।
ভারী বৃষ্টির কারণে হঠাৎ দেয়াল ধসে পড়ায় এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
পুলিশের বরাতে জানানো হয়, ঘটনাটি ঘটেছে একটি পুরাতন মন্দিরের কাছে। তার পাশেই একটি ঝুপড়িতে কিছু সংখ্যক মানুষ থাকতেন। তারা মূলত পুরনো জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
ভারী বৃষ্টির কারণে হঠাৎ দেয়াল ধসে পড়ায় ৮ জন ঝুপড়িতে থাকা বাসিন্দা আটকা পড়েন। সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার ঐশ্বর্য শর্মা বলেন, এখানে একটি পুরাতন মন্দির আছে এবং এর পাশেই একটি ঝুপড়িতে স্ক্র্যাপ ব্যবসায়ীরা থাকেন। রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে দেয়ালটি ভেঙে পড়ে। ভবিষ্যতে যাতে এমন কোনও ঘটনা না ঘটে সেজন্য আমরা এখন এই ঝুপড়ি বাড়িগুলি খালি করে দিয়েছি।
প্রাথমিক ভাবে এটিকে ভবন ধস বলা হলেও পরবর্তীতে এটিকে দেয়াল ধস হিসেবে নিশ্চিত করা হয়। কর্তৃপক্ষ এবং কাছাকাছি ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।
দিল্লির বিভিন্ন জায়গায় খেটে খাওয়া বহু মানুষ বৈধ অনুমোদন ছাড়াই ঝুপড়ি ঘর তুলে বসবাস করেন। প্রতি বর্ষায় টানা বৃষ্টির সময় এসব ঝুপড়ির বাসিন্দারা নিয়মিতই বিভিন্ন দুর্ঘটনার শিকার হন।







