হবিগঞ্জের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে শুকনো খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে এই বাহিনী।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বানিয়াচং উপজেলার হাওরাঞ্চলের সুজাতপুর ইউনিয়নের বাল্লা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্গম ও পানিবেষ্টিত এলাকায় আটকে পড়া মানুষের কাছে ড্রোনের মাধ্যমে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অসুস্থদের চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ক্যাম্পের মেডিক্যাল অফিসার মেজর ইদি আমীন, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এবং হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ৫৫ বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।
চৌধুরী ফরিয়াদ







