ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫১ জন মারা গেছেন। এছাড়াও হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন।
বিবিসি জানিয়েছে, গাজায় প্রতিশোধমূলক বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে এক হাজার জন নিহত হয়েছেন।
ইসরায়েলের ভূখণ্ডে হামাস বাহিনী নতুন করে হামলা শুরু করলে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ। হামলা শুরুর পর ৩ লক্ষ ৩৮ হাজারেরও বেশি মানুষ গাজা উপত্যকা থেকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
এই দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস গোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস করার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, প্রতিটি হামাস সদস্যই একজন মৃত ব্যক্তি। আমরা তাদের নিশ্চিহ্ন করবো এবং ধ্বংস করবো।







