ডেঙ্গুতে মৃত্যু আর ৫, বছরে আক্রান্ত ৯৬ হাজার ছাড়াল

ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলমান, রোগীর সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ হাজার ৬৭।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে চারজন মারা গেছেন। অন্য একজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়।
নতুন রোগী ভর্তির হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন– এখানে ভর্তি হয়েছেন ১০৬ জন। চট্টগ্রাম বিভাগে ৮৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭, ঢাকা বিভাগে ৭৪, বরিশাল বিভাগে ৫৮, ময়মনসিংহে ৩৩, খুলনায় ২৮, রাজশাহীতে ১৮, রংপুরে ৫ এবং সিলেট বিভাগে ৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ১৭৯ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। ঢাকা উত্তরে মারা গেছেন ৬৬ জন, বরিশালে ৪৭, চট্টগ্রামে ৩১, ময়মনসিংহে ২৪, রাজশাহীতে ২০, খুলনায় ১৩, ঢাকা বিভাগে ৯ এবং সিলেটে ২ জন।
চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে– ২০ হাজার ৮১৭ জন। আর সবচেয়ে কম শনাক্ত হয়েছে সিলেট বিভাগে, ৩৮৬ জন।






