রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সেনাবাহিনী-পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গ্রেপ্তাররা হলেন আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল।
শনিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ঘটনার পর থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। শনিবার সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে পাঁচজন দুষ্কৃতকারীকে ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য ভাষানটেক ও কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানায়, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে ১ নভেম্বর ভাষানটেক এলাকায় সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- রিফাত, হৃদয় এবং ইয়াসিন। সেনাবাহিনীর হাতে এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো আট।







