ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন।
বুধবার ৩ জুন হাই কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আহতদের মধ্যে তিনজনকে ম্যাক্স হাসপাতালে এবং বাকি দুইজনকে সফদারজাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থার ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে হচ্ছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার সকালে দিল্লির মালভিয়া নগর এলাকার লেমন গ্রিন রেস্তোরাঁয়। আগুন লাগার পর ঘটনাস্থলে দমকল বাহিনী দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ঘটনায় ১০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেলেও, প্রশাসন এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে স্থানীয় বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় দাবি করেছেন, নিহতের সংখ্যা ২১ জন এবং ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।








