মঙ্গলবার হন্ডুরাসের একটি নারী কারাগারের ভেতরে সহিংসতায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, কারাগারের ভেতর দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধলে একটি গ্রুপ সেলের ভেতর আগুন ধরিয়ে দেয়। কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের কারণেই বেশিরভাগেরই মৃত্যু হয়েছে। তবে নিহতদের মধ্যে কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
দেশটির উপ-নিরাপত্তা মন্ত্রী জুলিসা ভিলানুয়েভা জরুরী অবস্থা ঘোষণা করেছেন এবং দোষীদের বিচারের আওতায় আনার কথাও বলেছেন। তিনি অগ্নিনির্বাপক, পুলিশ এবং সামরিক বাহিনীকে উদ্ধার কাজে যাওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, মানুষের প্রাণহানি সহ্য করা হবে না।
বন্দীদের পরিবারের এক সদস্য স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, সহিংসতায় কারাগারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, কারাগার থেকে ধূসর ধোঁয়ার বিশাল মেঘ উঠছে।
হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত কারাগারটি।







