আদালতের নির্দেশনায় সরকারী ব্যবস্থাপনায় পরিচালিত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক থেকে গত ৬ দিনে আয় হয়েছে ৪ লাখ ২ হাজার টাকা।
এই তথ্য নিশ্চিত করে পার্কটির ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও দুর্নীতি দমন কমিশন (দুদকের) গোপালগঞ্জের উপ-পরিচালক মো. মশিউর রহমান জানিয়েছেন, পার্কটিতে গত ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত ৬দিনে ৪ লাখ ২ হাজার টাকা আয় হয়েছে।
এরমধ্যে ১০ হাজার ৮৪ জন দর্শনার্থীর গেট ফি বাবদ ১০ হাজার ৮৪ টাকা, আম ও কলা বিক্রি থেকে ৬৮ হাজার ২১৬ টাকা আয় হয়েছে। এছাড়াও খাবার, কাশফুল বিক্রি এবং রাইড ফি ছাড়াও অন্যান্য খাত থেকে মোট ৪ লাখ ২ হাজার টাকা আয় হয়েছে। এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ঢাকার স্পেশাল জজের নির্দেশেনার পার্কটির যাবতীয় সম্পদ জব্দসহ ক্রোক করা হয়েছে। পরে আদালতের নির্দেশনায় দুদকের ব্যবস্থাপনা কমিটির তত্বাবধায়নে গত ১৪ জুন সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হয়।








