সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার ৩ আগস্ট দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ার পাশাপাশি তার বাংলাদেশে প্রত্যাবর্তন সহজতর করতে সরকার সক্রিয়ভাবে কূটনৈতিক চ্যানেলগুলো ব্যবহার করছে। তিনি জানান, বেনজীর আহমেদ যাতে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে না পারেন, সে জন্য সেখানকার আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি ‘ল’ ফার্মকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে এবং অবিলম্বে জামিন বাতিলের আবেদন দাখিল করতে নির্দেশনা দিয়েছে। তিনি আরও বলেন, বেনজীর আহমেদকে আনুষ্ঠানিকভাবে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও আদালতে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের সন্দেহ করছে সাবেক এই পুলিশপ্রধানের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে। বিষয়টি সরকারের আইনি কৌশল নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় রাখা হচ্ছে।

